ঈদের ছুটিতে ভ্রমনের ফ্যাশন গাইড

ঈদের ছুটিতে ভ্রমনের ফ্যাশন গাইড

ঈদের ছুটিতে ভ্রমনের ফ্যাশন গাইড

ঈদের ছুটি বাংলাদেশে এখন আর শুধু ঘরকেন্দ্রিক সময় নয়। পরিবার, বন্ধু বা ছোট গ্রুপে কয়েক দিনের ভ্রমণ এখন একটি প্রতিষ্ঠিত লাইফস্টাইল ট্রেন্ডে পরিণত হয়েছে। এই ভ্রমণের সঙ্গে ফ্যাশনের সম্পর্কও গেছে বদলে। এখন পোশাক শুধু সৌন্দর্যের বিষয় নয়, বরং কমফোর্ট, পরিবেশ এবং ফাংশনালিটির সাথে পুরোপুরি সম্পর্কিত।

বাংলাদেশে ঈদের সময় ভ্রমণের ট্রেন্ড

ট্রাভেল বলুন, ট্রেকিং বা হাইকিং, ঈদের সময় গন্তব্য সাধারণত চার ধরনের অভিজ্ঞতার মধ্যে সীমাবদ্ধ থাকে। সমুদ্র, পাহাড়, রিসোর্ট এবং শহরভিত্তিক ট্রিপ। কক্সবাজার এবং কুয়াকাটা সমুদ্রভ্রমণের প্রধান কেন্দ্র। সাজেক, বান্দরবান ও রাঙামাটি পাহাড়প্রেমীদের কাছে সবচেয়ে জনপ্রিয়। অন্যদিকে গাজীপুর, সিলেট ও মাওয়া রিসোর্ট জোনগুলো ছোট ছুটির জন্য আদর্শ। শহরভিত্তিক ট্রিপে চট্টগ্রাম, সিলেট, রাজশাহীর মতো জায়গায় কালচারাল এক্সপ্লোরেশনও বাড়ছে। এই প্রতিটি ডেস্টিনেশনের আবহাওয়া, হাঁটাচলার ধরন এবং ভিজ্যুয়াল সেটিং আলাদা। তাই পোশাকও সেই অনুযায়ী নির্বাচন করা জরুরি।

সমুদ্রে হালকা পোশাক

সমুদ্র এলাকায় গরম ও আর্দ্রতা বেশি থাকে, ফলে ভারী বা টাইট পোশাক অস্বস্তিকর হয়ে ওঠে। এখানে ফ্যাব্রিক সিলেকশন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কটন, লিনেন এবং ভিসকস ব্লেন্ড এই ধরনের আবহাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত। এগুলো ঘাম শোষণ করে এবং শরীরকে শীতল রাখে। স্টাইলের ক্ষেত্রে লুজ ফিট ম্যাক্সি ড্রেস, ফ্লোয়ি কুর্তি, শার্ট ড্রেস বা প্যালাজো সেট ভালো কাজ করে।

রঙের ক্ষেত্রে হালকা টোন যেমন অফ-হোয়াইট, বেইজ, প্যাস্টেল ব্লু বা স্যান্ড শেড শুধু আরামই দেয় না, বরং সমুদ্রের ব্যাকগ্রাউন্ডে ভিজ্যুয়ালি অনেক বেশি এলিগ্যান্ট দেখায়। ফটোগ্রাফির কথা মাথায় রাখলে সলিড কালার বা মিনিমাল প্রিন্ট সবচেয়ে নিরাপদ অপশন।

পাহাড়ে কমফোর্ট ও মুভমেন্ট ফোকাস

পাহাড়ে ভ্রমণের ক্ষেত্রে ফ্যাশনের প্রধান চ্যালেঞ্জ হলো আবহাওয়ার পরিবর্তনশীলতা এবং শারীরিক পরিশ্রম। ঘাম, রোদ ও দীর্ঘসময় ধরে উঁচুতে ওঠার যাত্রায় পোশাকে আরাম থাকা বাধ্যতামূলক বললেও ভুল হবে না। দিনের বেলা গরম থাকলেও সন্ধ্যার পর ঠান্ডা অনুভূত হতে পারে। কারন পাহাড়ে তাপমাত্রা বাড়ে দ্রুত, কমেও চোখের পলকে। তাই হালকা লেয়ারিং এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

হালকা কটন, সফট গজ ফেব্রিক বা স্ট্রেচেবল ম্যাটেরিয়াল এই পরিবেশের জন্য ভালো। পোশাকের ক্ষেত্রে লুজ কুর্তি, স্ট্রেইট প্যান্ট বা কার্গো স্টাইল প্যান্ট বেশি প্র্যাকটিক্যাল। একটি হালকা শাল ব্যাগে রাখলে খুবই কাজে আসবে আপনার। আর পাহাড়ি লোকেশনগুলোতে হাঁটা বেশি হওয়ায় জুতা নির্বাচনও গুরুত্বপূর্ণ। ফ্ল্যাট স্যান্ডেল বা কমফোর্টেবল স্নিকার এখানে সবচেয়ে কার্যকর।

রিসোর্টে মিনিমাল এলিগ্যান্স ও রিল্যাক্সড লাক্সারি

রিসোর্ট ট্রিপে ফ্যাশনের ভাষা কিছুটা আলাদা। এখানে কমফোর্টের পাশাপাশি একটি রিফাইন্ড, পলিশড্ লুক গুরুত্বপূর্ণ। কারণ রিসোর্ট পরিবেশে ছবি তোলা এবং সোশ্যাল মিডিয়া প্রেজেন্স অনেক বেশি থাকে। সিল্ক ব্লেন্ড, মডাল বা কটন সাটিন ফেব্রিক এখানে ভালো কাজ করে। এই ধরনের ফেব্রিক দারুন আউটলুক তৈরি করে এবং একটি প্রিমিয়াম ফিনিশ তৈরি করে।

ডিজাইনের ক্ষেত্রে সিম্পল এমব্রয়ডারি, স্ট্রাকচার্ড কাট এবং সফট ড্রেপিং বেশি কার্যকর। খুব বেশি ভারী কাজ করা পোশাক এই সেটিংয়ে দিনে প্রয়োজন হয় না। তবে, রাতে স্পেশাল ডিনার প্ল্যান থাকলে মিনিমাল কাজ করা একটি ফ্লোয়ি গাউন রাখতেই পারেন।

শহরভিত্তিক ট্রিপে প্র্যাকটিক্যাল এবং কনফিডেন্ট স্টাইল

শহরে ভ্রমণের সময় ফ্যাশন অনেক বেশি ফাংশনাল এবং মোবিলিটি-ফোকাসড হতে হয়। এখানে কটন শার্ট, জিন্স, সেমি-ফরমাল কুর্তি বা স্কার্ট-বেসড লুক ভালো কাজ করে। শহরের ট্রিপে আবহাওয়া সাধারণত সহনীয় হলেও বাইরে সময় কাটানোর কারণে পোশাকের কমফোর্ট গুরুত্বপূর্ণ থাকে। হালকা লেয়ারিং এবং নিউট্রাল কালার এই সেটিংয়ে সবচেয়ে নিরাপদ পছন্দ।

ট্রাভেল ফ্যাশন টিপস: বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু গুরুত্বপূর্ণ দিক

১. ট্রাভেল ফ্যাশনে সবচেয়ে বড় ভুল হলো শুধুমাত্র লুককে অগ্রাধিকার দেওয়া। বাস্তবে পোশাকের ফাংশনালিটি সমান গুরুত্বপূর্ণ। দিনের দীর্ঘ সময় বাইরে থাকলে ব্রিদেবল ফেব্রিক ছাড়া অস্বস্তি বাড়ে।

২. আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্যাকিং স্মার্টনেস। একই পোশাককে একাধিকভাবে স্টাইল করা যায় এমন আইটেম বেছে নেওয়া উচিত। উদাহরণস্বরূপ, একটি সলিড কটন, ভিসকোস বা ব্লেন্ডেড ফেব্রিকের টিউনিক পাহাড়ে লেয়ারিং দিয়ে যেমন ব্যবহার করা যায়, তেমনি শহরেও ক্যাজুয়াল লুক হিসেবে মানিয়ে যায়।

৩. কালার প্যালেটও ট্রাভেল ফ্যাশনের একটি কৌশল। ২-৩টি বেস কালারের মধ্যে আউটফিট রাখলে মিক্স অ্যান্ড ম্যাচ সহজ হয় এবং ব্যাগেজ হালকা থাকে।

৪. সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়া। একেক জায়গার আর্দ্রতা, বাতাস এবং তাপমাত্রা অনুযায়ী ফেব্রিক নির্বাচন করলে পুরো ট্রিপের অভিজ্ঞতা অনেক বেশি আরামদায়ক হয়।

ঈদের ছুটিতে ভ্রমণ এখন একটি লাইফস্টাইল এক্সপেরিয়েন্স, যেখানে গন্তব্যের পাশাপাশি পোশাকের সঠিক নির্বাচনও সমান গুরুত্বপূর্ণ। সমুদ্র, পাহাড়, রিসোর্ট বা শহর, প্রতিটি জায়গার জন্য আলাদা ফ্যাশন লজিক আছে। সঠিক ফেব্রিক, সঠিক ফিট এবং সঠিক স্টাইলিংই একটি ট্রিপকে শুধু আরামদায়ক নয়, বরং আপনার নিজের ঘুরে বেড়ানো মানুষটাকে ফুটিয়ে তুলতে, সাপোর্ট দিতে সবচেয়ে বেশি কাজে আসে।

  • লেখক: খাদিজা ফাল্গুনী
  • No products in the cart.
Filters
30% offer Hurry, Limited Time Offer! T&C
Download
Our App